পোস্টগুলি

2014 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ডালিম গাছও কবি হত...

অ নেকদিন ধরেই দেখছি। দেখতে দেখতে শিশু ডালিম গাছটা কৈশোর পেরিয়ে এখন পূর্ণ যৌবনে পদার্পণ করেছে। আমি দেখেছি তার সুখ-দুঃখ, সব। গ্রীষ্মের প্রখর রোদ্দুরে দেখেছি তাকে; তাপদাহে পুড়ে যাওয়া প্রায় পাতাগুলো নুয়ে পড়তে চায়। তবুও সে দাঁড়িয়ে থাকে ঠায়। নিরব, নিশ্চুপ। বৈশাখী ঝড় তার গায়েও লাগে। ঝড়ের বাতাস কিভাবে বুড়িয়ে যাওয়া পাতাদের উড়িয়ে নিয়ে যায় তাও দেখেছি। আমি তাকে বৃষ্টিতেও ভিজতে দেখেছি। পরম সুখে জল জড়িয়ে পাতায় পাতায়; ঠিক যেন ভোরের শিশিরফোঁটার মত টুপটাপ মাটিতে পড়ছে জল। ডালিম গাছটায় ফুল ফুটেছে। গাঢ় লাল ফুল। মৌমাছিদের আনাগোনা বেশ বেড়ে গেছে এদিকটায়। ক’দিন পরেই শোনা গেল ডালিম গাছটা মা হতে চলেছে। বাচ্চা ডালিমগুলোও বড় হচ্ছে। বাচ্চাদের ভারে এবার গাছটাই যেন নুয়ে পড়ছে। তবুও মাতৃত্বের টানে দাঁড়িয়ে থাকা তার লাগবেই। একদিন বৃষ্টির দিন তাকে মন ভরে দেখছিলাম। গাছটায় অনেকগুলো ডালিম দেখা যাচ্ছে। একটা, দুইটা, তিনটা... ডালিম গাছও কবি হত। অন্তত তিনটা কবিতা লিখত- বৃষ্টি, রোদ্দুর আর মৌমাছির।